রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় আজ দুপুর ১২টা পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে; এছাড়া সন্ধ্যা ৭টা পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার (৯ জুন) দুপুর ১টা পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে ঘণ্টায় দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
