হজরত আবু মুসা (রা.) থেকে বর্ণিত, নবী কারিম (সা.) বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ইমারতস্বরূপ, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে থাকে। এ বলে তিনি তার হাতের আঙুলগুলো একটার মধ্যে আরেকটা প্রবেশ করালেন। -সহিহ বোখারি : ৪৮১
বন্ধুত্বের মূল্যায়ন
হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) অন্তিম রোগের সময় এক টুকরা কাপড় মাথায় পেঁচিয়ে বাইরে এসে মিম্বরে বসলেন। আল্লাহর প্রশংসা ও সানা সিফাত বর্ণনার পর বলেন, জান-মাল দ্বারা আবু বকর ইবনে আবু কুহাফার চেয়ে অধিক কেউ আমার প্রতি ইহসান করেনি। আমি কাউকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম। তবে ইসলামের বন্ধুত্বই উত্তম। আবু বকরের দরজা ছাড়া এই মসজিদের ছোট দরজাগুলো সব বন্ধ করে দাও। -সহিহ বোখারি : ৪৬৭
রাত জেগে জ্ঞানার্জন
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবী কারিম (সা.)-এর দুজন সাহাবি নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অন্ধকার রাতে বের হলেন। [তাদের একজন আবকাদ ইবনে বিশ্র (রা.) আর দ্বিতীয় জন সম্পর্কে আমার ধারণা যে, তিনি ছিলেন উসায়দ ইবনে হুজায়র (রা.)] আর উভয়ের সঙ্গে চেরাগসদৃশ কিছু ছিল, যা তাদের সামনের দিকটাকে আলোকিত করছিল। তারা উভয়ে যখন আলাদা হয়ে গেলেন, তখন প্রত্যেকের সঙ্গে একটি করে (আলো) রয়ে গেল। অবশেষে এভাবে তারা নিজেদের বাড়িতে পৌঁছলেন। -সহিহ বোখারি : ৪৬৫
