খেলাধুলা ও ব্যায়ামে আত্মবিশ্বাস বাড়ে : প্রধানমন্ত্রী

আপডেট : ১০ জুন ২০২৩, ০৫:৩৮ এএম

পাঠ্যক্রমবহির্ভূত কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে স্থানীয় খেলাধুলার ব্যাপক প্রসারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, খেলাধুলা এবং শারীরিক ব্যায়াম আত্মবিশ্বাস ও দেশের জন্য দায়িত্ববোধ বৃদ্ধি করে।

রাজধানীর বনানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গতকাল শুক্রবার ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্থানীয় খেলাধুলার ওপর আরও গুরুত্বারোপ করা প্রয়োজন যাতে এসব খেলাধুলার চর্চা বৃদ্ধি পায়। আমি চাই আমাদের শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শারীরিক ব্যায়াম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকুক।’

তিনি বলেন, ‘খেলাধুলা, শারীরিক ব্যায়াম এবং সাংস্কৃতিক চর্চা আত্মবিশ্বাস, দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি কর্তব্যপরায়ণতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করে, পাশাপাশি জনগণকে হাসিখুশি রাখে।’

শেখ হাসিনা বলেন, তার সরকার সারা দেশে (উপজেলা) মিনি স্টেডিয়াম নির্মাণ করছে যাতে সারা বছর সেখানে বিভিন্ন খেলাধুলা করা যায়।

রাজধানী ঢাকার উপকণ্ঠে পূর্বাচলে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার জন্য সরকার একটি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এখন পূর্বাচলে ক্রিকেটের জন্য একটি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। আমরা পদক্ষেপ নেব যাতে ফুটবলসহ অন্যান্য খেলার জন্য এর কাছাকাছি আরেকটি স্টেডিয়াম তৈরি করা হয়।’

প্রধানমন্ত্রী এর আগে স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন। গ্র্যান্ড ফিনালেতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে ২-১ গোলে হারিয়ে প্রথম টুর্নামেন্টের শিরোপা জেতে ইউনিয়ন ব্যাংক।

সরকারপ্রধান চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন। চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ এবং রানার্সআপ দলকে ৪০ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করে গ্লোবাল ইসলামী ব্যাংক ৩০ লাখ এবং সোশ্যাল ইসলামী ব্যাংক ২০ লাখ টাকা পেয়েছে।

বাংলাদেশ আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) আয়োজিত প্রথম ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ গত ১৩ মে মোট ৩৪টি ব্যাংক দলের অংশগ্রহণে শুরু হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার স্বাগত বক্তব্য রাখেন। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত