টানা তাপপ্রবাহ শেষে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

আপডেট : ১০ জুন ২০২৩, ০৫:৩৯ এএম

টানা তাপপ্রবাহের ভোগান্তির পর মুষলধারে বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। গতকাল শুক্রবার সারা দিনে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। বৃষ্টিপাতের কারণে তাপপ্রবাহ কিছুটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অন্যান্য দিনের মতো গতকালের সকালে অগ্নিরূপ সূর্য। সেই সঙ্গে ভ্যাপসা গরম। সকাল সাড়ে ৯টার দিকে আকাশে জমতে শুরু করে মেঘ। সেই সঙ্গে শীতল বাতাস। বেলা ১১টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় তিন ঘণ্টা ধরে চলে বৃষ্টিপাত। এ সময় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও অনেকেই পড়েন ভোগান্তিতে।

তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দলবেঁধে ভিজতে দেখা যায় একদল শিক্ষর্থীকে। ঝুম বৃষ্টিতে মেতে ওঠেন দুরন্তপনায়। সায়মা নামের এক শিক্ষর্থী বলেন, ঠিক এই বৃষ্টির জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। গত এক-দেড় মাসে যে গরম পড়েছে তাতে হলে থাকা দায় হয়ে গিয়েছে।

আল-আমিন নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বৃষ্টি দেখে ভিজতে বের হয়েছিলাম। কিন্তু ৫-৬ মিনিটের মধ্যে বৃষ্টি থেমে যায়। আজকে মুষলধারে বৃষ্টি দেখে লোভ সামলাতে পারিনি। তাই বন্ধুরা মিলে ভিজতে নেমে গেছি।’

এদিকে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিপিডিসির পরীক্ষায় অংশ নিতে আসা সামিউল তুষার বলেন, ‘বৃষ্টির কারণে পথে ১৫ মিনিট লেট হয়েছে। পরীক্ষা দিয়ে বের হয়ে দেখি বৃষ্টি হচ্ছে। একটি প্রাইভেট কোম্পানিতে ভাইভার জন্য যাব তারও উপায় নেই।’

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম এবং সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয় রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির দেশ রূপান্তরকে বলেন, এখন বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। যখন বৃষ্টিপাতের পরিমাণটা কমবে তখন তাপমাত্রা বৃদ্ধি পাবে। এখন যে বৃষ্টিপাতের প্রবণতা তা আজ (শনিবার) অব্যাহত থাকবে। তবে বৃষ্টির পরিমাণ একটু কম হবে। এর মধ্যে ১৪ বা ১৫ তারিখের দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত