নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার ভোরে ফতুল্লার কাশিপুর এলাকায় অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলোÑ আব্দুস সালাম ম-ল (৫০), বুলবুলি (৪০), সোনিয়া আক্তার (২৭), পুতুল (২৫) ও মেহেজাবিন (৭)।
তাদের হাসপাতালে নিয়ে আসা মো. সোহাগ জানান, দগ্ধদের বাসা ফতুল্লার কাশিপুর এলাকায়। বাসাটিতে বৃহস্পতিবার রাতে তারা সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনে আশপাশ থেকে তারা ছুটে যান। তখন আগুন নিভিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন ধরে যায়।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে আব্দুস সালামের ২৫ শতাংশ, বুলবুলির ২০, সোনিয়ার ৪০, পুতুলের ২০ ও মেহেজাবিনের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা গুরুতর।
