সাভারে একটি হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং যুবলীগ নেতাসহ তিনজনকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে অন্য একটি হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার আশুলিয়া মডেল টাউনের ভেতরে রেস্টুরেন্টের ভেতর এই হামলার ঘটনা ঘটে। রাতেই আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
সাভার থানা সূত্র জানিয়েছে, হামলায় আহতরা হলেন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. জাবেদ হোসেন, তার ভাতিজা আতিক (২৮) এবং আমির। হাসপাতালের বরাতে পুলিশ বলছে, আহতদের মধ্যে জাবেদের অবস্থা আশঙ্কাজনক। হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তরা হলেন মো. মোশারফ করিম অপু, মো. আলাউদ্দিন, জাকির হোসেন, মুলামদী মন্ডল, মো. আব্বাস, মো. সোহেল, মো. শান্ত ও মো. জীবন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একটি হত্যা মামলার প্রতক্ষ্যদর্শী সাক্ষী ছিলেন হামলায় গুরুতর আহত জাবেদ হোসেন। ওই মামলার আসামিরা দীর্ঘদিন ধরে মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। তাদের কথামতো মামলা প্রত্যাহার না করায় আসামিরা বৃহস্পতিবার রাতে জাবেদ হোসেন এবং তার সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায়।
