নারী ক্রিকেটে শিরোপা ধরে রাখার সম্ভাবনা শেষ হয়নি মোহামেডানের। বরং পুরোদমেই তা বিদ্যমান। আজ ঢাকা নারী প্রিমিয়ার লিগে বিকেএসপির বিপক্ষে জিতলে শিরোপা সম্ভাবনা আরও উজ্জ্বল হবে মোহামেডানের।
৯ দলের লড়াইয়ে ১১ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ম্যাচ বাকি একটি। ওই ম্যাচ জিতলেও দলটি ১৪ পয়েন্টের বেশি তুলতে পারছে না। এদিকে দুই ম্যাচ হাতে থাকা মোহামেডান ২ ম্যাচ জিতলে ১৫ পয়েন্ট পাচ্ছে। তালিকায় ৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা কলাবাগান ক্রীড়া চক্রেও বাকি থাকা দুটিতে জিতলে ১২ পয়েন্টের বেশি যেতে পারছে না। তার মানে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা কেবল মোহামেডানেরই আছে।
আজ নারী লিগের ম্যাচে বিকেএসপির তিন মাঠে নামছে যথাক্রমে কেরানীগঞ্জ-সিটি ক্লাব, বিকেএসপি-মোহামেডান, গুলশান ইয়ুথ ক্লাব ও খেলাঘর আর ফতুল্লায় খেলবে আবাহনী-কলাবাগান।
