রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ২০২৪ সালের জুনে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত রেলপথ চালু হবে। কোনো ধরনের ক্রসিং ছাড়াই ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত রেল চলাচল করবে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ সরাসরি রেলপথের সুফল পাবেন। ইতিমধ্যে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত রেলপথের ৭৩ ভাগ কাজ শেষ হয়েছে।
গতকাল শনিবার দুপুরে নড়াইলের লোহাগড়ায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন শেষে মধুমতি আর্মি ক্যাম্পে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত সরাসরি রেল চলাচল শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার যে ১০টি উন্নয়ন প্রকল্প আছে, তার মধ্যে এই রেলপথ প্রকল্পটি অন্যতম।
এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রকল্প-সংশ্লিষ্ট সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
