আগামী ১৬ জুন প্রথমবার চলচ্চিত্রের পর্দায় জুটি হয়ে আসছেন নিরব ও স্পর্শিয়া। এরই মধ্যে ‘ফিরে দেখা’ নামের সেই ছবির প্রচারণাও শুরু হয়েছে। প্রথম ছবি মুক্তির আগে নতুন আরেক ছবিতে চুক্তির খবর দিলেন এই জুটি। জানালেন, ‘সুস্বাগতম’ নামের আরেকটি ছবিতে অভিনয় করেছেন তারা। শুটিংও শেষ ছবির। কিন্তু এতদিন তারা বিষয়টি জানাননি। ভেবেছিলেন কাজ শেষ করে উপযুক্ত সময়ে সবটা জানাবেন। কিন্তু এরই মধ্যে খবরটি অনাকাক্সিক্ষতভাবে ছড়িয়ে পড়ে। তাই আর রাগঢাক রাখলেন না নায়ক-নায়িকা। চিত্রনায়ক নিরব দেশ রূপান্তরকে বলেন, ‘এখন আমার মন-প্রাণজুড়ে শুধুই ‘ফিরে দেখা’। ছবিটি নানা কারণে আমার জন্য স্পেশাল। মুক্তিযুদ্ধের একটি চলচ্চিত্র, আমি মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। সরকারি অনুদানের ছবি এবং সেটি আমাদের শ্রদ্ধেয় চিত্রনায়িকা রোজিনা আপার প্রথম পরিচালিত ছবি। ফলে আমি চাই এই ছবিটি সবাই দেখুক। সে জন্য আমি প্রচার-প্রচারণা চালাচ্ছি। যারা জীবনঘনিষ্ঠ সিনেমা দেখতে চান তাদের কাজটি ভালো লাগবে বলে আমি আশা করি। এই ছবির মধ্যে আমি কিছুতেই চাইছিলাম না অন্য কোনো কাজ নিয়ে আমি আলোচনায় আসি। তাই নতুন ছবির খবরটি এতদিন কাউকে জানাইনি। যেহেতু জানাজানি হয়ে গেছে, শুধু এটুকুই বলি, ছবিটির কাজ এরই মধ্যে শেষ। বিস্তারিত সময় হলেই সবাইকে ডেকেই জানাব।’
গত শনিবার ‘ফিরে দেখা’ ছবির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘ফিরে দেখার কাজ অনেক দিন আগেই আমরা করেছিলাম। নিরবের সঙ্গে আমার প্রথম কাজ। আগামী সপ্তাহে ছবিটি মুক্তি পাচ্ছে ভেবে ভালো লাগছে। সবাই কিন্তু চায় তার ছবিটা ভালো চলুক, হিট করুক। সেদিক থেকে একজন শিল্পী হিসেবে আমিও এটাই চাইব। দর্শক হলে আসুক, সিনেমাটা দেখুক। তাদের কাছে নিশ্চয় ভালো লাগবে।’ তিনি আরও বলেন, ‘একে তো অনুদানের সিনেমা, তার ওপর মুক্তিযুদ্ধের গল্প। এটি আমার জন্য অনেক ভালো লাগার একটি বিষয়। শুধু তাই নয়, আমি অনেক সৌভাগ্যবান যে, ছোটবেলায় যাদের সিনেমা দেখতাম এবার তাদের সঙ্গে কাজ করতে যাচ্ছি। রোজিনা আপা ও ইলিয়াস কাঞ্চন ভাইয়ের প্রচুর ছবি দেখতাম। এবার তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা সত্যি আমার জন্য আনন্দের। আশা করছি সব প্রথমের সবকিছুই ভালো হবে।’
আর নতুন ছবি ‘সুস্বাগতম’ নিয়ে স্পর্শিয়া বলেন, ‘নিরবের সঙ্গে আবারও কাজ করেছি, ভালোই হয়েছে। আমাদের দুজনের একটা কাজের অভিজ্ঞতাও চমৎকার। তাই নতুন কাজে আমাদের বোঝাপড়া আরেকটু সহজ হবে। তা ছাড়া ছবির প্রযোজক ও পরিচালক আবারও একসঙ্গে আমাদের কাজের সুযোগ তৈরি করে দিয়েছেন।’
জানা গেছে, ‘সুস্বাগতম’ ছবিটা প্রেমের হলেও একজন মেয়ের বিমানের পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরে এগিয়ে যায় ছবির গল্প। যে গল্প শহর ও গ্রাম থেকে উঠে এসেছে। ছবিটিতে দুই সময়ের দুটি চরিত্রে অভিনয় করবেন স্পর্শিয়া। চরিত্র দুটির নাম রহিমন ও করিমন। স্পর্শিয়া বলেন, ‘২৫ বছর আগের রহিমন আর ২৫ বছর পরের রহিমনের মেয়ে করিমন চরিত্রে আমাকে অভিনয় করতে হবে। মজার ব্যাপার, দুই সময়েরই যুবতি চরিত্রে দেখা যাবে আমাকে। ২৫ বছর আগের চরিত্রটি, অর্থাৎ বৃদ্ধ রহিমনকে আর গল্পের শেষে দেখানো হয় না। সুতরাং মা-মেয়ের চেহারার কোনো পরিবর্তন থাকে না। এর ফলে দুটি চরিত্রে কাজ করা অনেকটাই সহজ হবে।’ ছবিতে হাসান চরিত্রে অভিনয় করছেন নিরব। ২৫ বছর আগে রহিমনের সঙ্গে হাসানের প্রেম থেকে বিয়ে হয়। সেই ঘরেই করিমনের জন্ম হয়। পরবর্তী সময়ে বাবার চরিত্রে দেখা যাবে তাকে। শুরুতে যুবক, গল্পের শেষে বয়স্ক এক ছবিতে দুটি চরিত্রে নতুন অভিজ্ঞতা হবে বলে জানালেন নিরব। তিনি বলেন, ‘আগে কখনো দুই বয়সের চরিত্রে কাজ করিনি।’
