রাজধানীর বাড্ডার সাঁতারকুলের শান্তিপাড়ার স্থানীয় শ্রমিক লীগ নেতা অপু ইসলাম হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ জনকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রবিবার এ রিমান্ড নেওয়া হয়। আসামিরা হলেন শাহাদাত হোসেন, মোরশেদ হোসেন, হামিদুল ইসলাম, সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান সরকার।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, অপু হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপু হত্যার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
গত শুক্রবার রাতে শান্তিপাড়ায় সাততলা থেকে লিফটের ফাঁকা স্থান দিয়ে ফেলে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয় মামলায়। বাড্ডা থানায় মামলাটি করেন নিহতের ভাই খুরশেদ আলম। অপু সাঁতারকুল ইউনিট শ্রমিক লীগের আহ্বায়ক। তার বাড়ি সাঁতারকুলের উত্তরপাড়ায়।
