ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়ে স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। এই ঘটনায় জড়িত সন্দেহে বিমানবন্দরের পরিচ্ছন্নতা কর্মী জামাল ভুইয়াকে আটক করা হয়েছে।
পরে জামালের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, ময়লার স্তূপে লুকিয়ে রাখা ৬০টি স্বর্ণের বার জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা। যেগুলোর মোট ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম।
বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা বিভাগের উপ পরিচালক সানজিদা শারমিন জানান, আজ সোমবার সকালে কাতার থেকে আসা একটি ফ্লাইট অবতরণের পর তারা তল্লাশি অভিযান শুরু করেন। এ সময় ওই এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারী ও জামাল ভুইয়া নামের একজন পরিচ্ছন্নতা কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে জামাল স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সংলগ্ন আবর্জনার স্তূপ থেকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকা।
