ব্যাংক কোম্পানি আইন সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে উত্থাপিত বিল পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে গৃহীত এই সুপারিশ-সংবলিত প্রতিবেদন সংসদে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল সোমবার ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী। বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মো. আবদুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও কাজী নাবিল আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে ‘ব্যাংক-কোম্পানি (সংশোধন) বিল-২০২৩’ পাসের সুপারিশ ছাড়াও ‘আয়কর বিল-২০২৩’ নিয়ে আলোচনা হয়। বিলটি নিয়ে আলোচনার মাধ্যমে সুপারিশ চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
