বিশেষ ক্ষমতা আইনে হওয়া একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আগামী ২০ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দুই আসামির উপস্থিতিতে এ আদেশ দেন চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলাম। মামলার অপর আসামি হলেন ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী।
বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী নেজাম উদ্দীন জানান, অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দায়ের করা হবে। ২০১৮ সালের ২৯ জুলাই ঢাকাসহ সারা দেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই অডিওতে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে দাবি করে, ২০১৮ সালের ৪ আগস্ট নগরের কোতোয়ালি থানায় মামলা করেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। এই মামলায় ২০১৮ সালের ২১ অক্টোবর উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
এদিকে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানার মামলায় আদালতের নির্দেশে ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমীকেও আসামি করা হয়। ২০১৮ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের একটি আদালতে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানো হয়েছিল।
