আবেদনময়ী নুসরাত

আপডেট : ১৩ জুন ২০২৩, ১১:৫৮ পিএম

বাংলাদেশের ‘সুড়ঙ্গ’ ছবির নতুন আইটেম গান ‘কলিজার জান’। এই গান প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে নুসরাত ফারিয়ার মিল খুঁজে পাচ্ছেন দর্শক। ‘পুষ্পা’ ছবির ‘ও অন্তভা’ গানে সামান্থার পারফরম্যান্স আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিল। পরিচালক রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ ছবির গানের দৃশ্যায়নের সঙ্গে ‘পুষ্পা’র সেই গানের অনেক মিল খুঁজে পেয়েছেন দর্শক। আলোর ব্যবহার থেকে নুসরাতের পোশাকে মিল খুঁজে পাচ্ছেন অনেকে। গানটি মুক্তি পাওয়ার কয়েক মিনিটের মধ্যে ভিউ হয়ে গিয়েছে লক্ষাধিক। এদিকে এই কাজটি করার জন্য প্রথমে রাজিই ছিলেন না নায়িকা।

নুসরাতের আবেদনময়ী উপস্থিতি বেশ নজর কেড়েছে দর্শকের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টিজার প্রকাশের পর থেকেই গানটি নিয়ে দর্শকমনে আগ্রহ জন্মেছে। পুরো গানটি নিয়েও যে বেশ হইচই হবে তা আমার বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আফরান নিশোর সঙ্গে আমার জুটি দেখার জন্য অপেক্ষায় ছিলেন অনেকে।’

গানটি দেখে খুশি নুসরাত। যদিও প্রথমে কিন্তু এই কাজটি করতে মোটেই আগ্রহী ছিলেন না তিনি। এ প্রসঙ্গে নুসরাত বলেন, ‘আমি প্রথমে রাজি ছিলাম না। প্রস্তাবটি পাওয়ার পর দু’সপ্তাহ পরে মত দিই।’ এর আগেও তাকে নানা ধরনের চরিত্রে দেখেছেন দর্শক। এমনকি নাচের ভিডিওতে দেখা গিয়েছে তাকে। তবে এ ধরনের কাজের ক্ষেত্রে তার বিশেষ কিছু চাহিদা আছে। সবটাই মিটিয়েছে প্রযোজনা সংস্থা। তিনি বলেন, ‘আমি গানের ক্ষেত্রে সব সময়ই পর্দায় নিজেকে চকচকে দেখে অভ্যস্ত। সেটা কস্টিউম থেকে শুরু করে, মেকিং, ডিজাইনসহ সব কিছুতেই। তা ছাড়া ভালো কাজের ক্ষেত্রে আমি আপস করি না। গানটির জন্য আমি যা যা চেয়েছি, পেয়েছি। বিশেষ করে মুম্বাই থেকে আমার কস্টিউম ও কোরিয়োগ্রাফার এসেছে। প্রায় ৪০০ নৃত্যশিল্পী দরকার ছিল, সেটিরও ব্যবস্থা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।’

এখন ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। কিছুদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘বিবাহ অভিযান ২’। অন্য দিকে, বাংলাদেশেও বেশ কয়েকটি সিনেমার কাজ তার হাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত