কাতার বিশ্বকাপের আগে লিওনেল মেসি জানিয়েছিলেন সেটি হবে তার শেষ বিশ্বকাপ। কাতারে শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর সতীর্থ থেকে শুরু করে কোচ সবাই চাইছেন ২০২৬ বিশ্বকাপেও খেলুক মেসি। তবে চীনা সংবাদ মাধ্যম টাইটানকে মেসি জানালেন, ২০২৬ বিশ্বকাপ খেলবেন না তিনি।
বর্তমানে এশিয়া সফরের অংশ হিসেবে আর্জেন্টিনা আছে চীনের রাজধানী বেইজিংয়ে। সেখানে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চীনা সংবাদমাধ্যম টাইটনের সঙ্গে এক সাক্ষাৎকারে অংশ নেন মেসি। ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে মেসি বলেন, ‘আগেও যা বলেছি, আমার মনে হয় না। এটা (কাতার বিশ্বকাপ) ছিল আমার শেষ বিশ্বকাপ। আমি দেখব, বিষয়গুলো কীভাবে এগোচ্ছে। তবে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে, আমি পরের বিশ্বকাপে খেলতে যাচ্ছি না।’
পিএসজি ছেড়ে মেসি এখন য্ক্তুরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। তাই অনেকেই ভাবছেন মেসি পরবর্তী বিশ্বকাপ খেলবেন। মেসি আরও বলেন, ‘কাতারে বিশ্বকাপ জিতে প্রত্যাশিত ট্রফির ছোঁয়া পেয়ে গেছি। এর জন্য আমি দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম। আমি সন্তুষ্ট ও কৃতজ্ঞ। এটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
