একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী প্রস্তুত রেখেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। তিনি বলেছেন, ‘সরকারের অধীনে যেভাবে নির্বাচন হচ্ছে তাতে আগামী সংসদ নির্বাচন কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংসদ নির্বাচন হলে আমরা বুঝে-শুনে সিদ্ধান্ত নেব।’
গতকাল মঙ্গলবার শেরপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘আমরা মহাজোটের শরিক হিসেবে যথাযথ মূল্যায়ন পাইনি। আওয়ামী লীগ একনায়কতন্ত্র কায়েম করেছে। এই অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে পারে একমাত্র জাতীয় পার্টি।’
মো. ইলিয়াস উদ্দিনকে সভাপতি, মাহমুদুল হক মনিকে সাধারণ সম্পাদক ও আশরাফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।
