ঈদে বুবলীর হ্যাটট্রিক

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৫:৩৫ এএম

ঈদুল আজহার সিনেমার আলোচনা জমিয়ে রেখেছে ‘প্রিয়তমা’ আর ‘সুড়ঙ্গ’। এখন পর্যন্ত আলোচনা, সমালোচনা, ভক্তদের ভালোবাসার তুঙ্গে শাকিব খান ও আফরান নিশোর সিনেমা দুটি। সেদিক থেকে বলাই যায়, এ দুই ছবির দিকেই সবার দৃষ্টি থাকবে এবার। এদিকে, নায়িকাদের মধ্যে বুবলী আসছেন হ্যাট্রিক মিশন নিয়ে। তার ক্যাসিনো, রিভেঞ্জ ও প্রহেলিকা মুক্তি পাচ্ছে ঈদে। তিনটি তিন নায়কের সঙ্গে। নিরব, রোশান, মাহফুজ আহমেদ। শাকিবহীন সিনেমা দিয়ে কেমন কাটবে এই নায়িকার ঈদ? সেটাই প্রশ্ন ভক্তদের। কারণ ব্যক্তিজীবনের নানা ঝামেলা থাকলেও গত ঈদ পর্যন্ত বুবলী পর্দায় হাজির হন শাকিব খানের সঙ্গেই। ছবিটি ব্যবসাসফল হয়। একই ঈদে অন্য নায়কের সঙ্গে মুক্তি পায় বুবলীর ‘লোকাল’ সিনেমাটি। সেটি বুবলীকে কোনো ভালো ফলাফল এনে দিতে পারেনি। যা লাভ হয়েছে, নায়ক আদর আজাদেরই হয়েছে। তারমধ্যে দর্শক ভবিষ্যতে একজন ভালো চিত্রনায়কের গুণাগুণ খুঁজে পেয়েছে। শুধু ঈদ নয়, এর আগেও শাকিব খানের বাইরে বুবলী যে সিনেমাগুলো করেছেন, তার একটিও সেভাবে দর্শক সাড়া পায়নি। ফলে এবারের ঈদেই শাকিবহীন বুবলীর সিনেমা কেমন ব্যবসা করবে সেটির ওপর নির্ভর করবে তার চলচ্চিত্র ক্যারিয়ার। কারণ দীর্ঘদিন বুবলীর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর নেই। ব্যক্তিজীবন নিয়েও তিনি আছেন বেশ জটিলতায়। সব মিলিয়ে এই ঈদ বুবলীর জন্য খুব গুরুত্বপূর্ণ।

গত মঙ্গলবারই জানা যায়, ঈদে আসছে বুবলী-নিরব জুটির ‘ক্যাসিনো’। এই ছবিটির আগে থেকেই নায়িকার ‘প্রহেলিকা’ নিয়ে আলোচনা শুরু হয়। সিনেমা মুক্তিকে ঘিরে জোর প্রচারণা চালাচ্ছে ‘প্রহেলিকা’ টিম, যার একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী। সদ্য উন্মুক্ত হলো সিনেমাটির একটি ক্যারেক্টার পোস্টার যেখানে বুবলীকে দেখা গিয়েছে খাঁচাবন্দি রূপে! সেই পোস্টারের ট্যাগলাইনে লেখা, ‘এক প্রিয়তমার বঞ্চনার গল্প’! বুবলীর ভাষ্য, ‘দিন শেষে সবাই তো নিজের মানুষটাকে খুঁজি। যার কাছে কথা বলে সেফ ফিল করব, শান্তি পাব এটাই আসলে ছবিটির মূল বিষয়। গল্পের অর্পা দিনশেষে কী পেল সেটাই মূলত খোঁজার চেষ্টা করে সিনেমাজুড়ে।’ গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রহেলিকার পুরো জার্নিটা আমার জন্য মুগ্ধতার নাম। আমরা মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি ভালোবাসা চাই, ভালোবাসতে চাই। যে মানুষটাকে ভালোবেসেছি তাকে আঁকড়ে ধরে থাকতে চাই। তাকে সম্মান দিয়ে তার বলা, না বলা কথা একসেপ্ট করে তার পাশে থেকে কীভাবে নিজের জীবনটা সুন্দর করা যায় সেসব কিছুই আছে গল্পে।’

যদিও ‘প্রহেলিকা’র গল্পের সঙ্গে মিল রেখে এমনটি লেখা হয়েছে। কিন্তু নেটিজেনরা বিষয়টিকে দেখছে ভিন্নভাবে। এখানেও তারা টেনে এনেছে শাকিব খানকে। অনেকের ভাষ্য, শাকিবের প্রিয়তমা সিনেমায় নায়িকা হওয়ার কথা ছিল বুবলীরই। কিন্তু ব্যক্তিগত টানাপড়েনের কারণে বুবলীকে বাদ দিয়ে কলকাতার সিরিয়ালের নায়িকা ইধিকা পালকে নেওয়া হয়। তাই বুবলী প্রিয়তমায় না থেকেও যেন আছেন। প্রহেলিকার পোস্টারে প্রিয়তমা কথাটা দেখেই এমনটা বলছেন নেট নাগরিকরা। তাদের মতে, প্রহেলিকার এই প্রচার কৌশল যেন বুবলীর বাস্তব জীবন ও সিনেমার কাহিনীর সঙ্গে মিলেমিশে একাকার।

‘প্রহেলিকা’ সিনেমাটিতে বুবলী অভিনয় করেছেন অর্পা চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জামাল হোসেন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান, শ্যামল জাকারিয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত