প্রায় ১৬ মাস আগে ইয়েমেনে অপহৃত জাতিসংঘের এক বাংলাদেশি কর্মীর নতুন একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা। জঙ্গি তৎপরতা নজরদারি করা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে গত মঙ্গলবার লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য নিউ আরব এ তথ্য জানিয়েছে।
একেএম সুফিউল আনাম নামের এই বাংলাদেশিসহ জাতিসংঘের পাঁচ কর্মী ইয়েমেনে অপহৃত হন। ভিডিওতে দেখা গেছে, সুফিউল তাদের মুক্ত করার জন্য উদ্যোগ নিতে আবেদন জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, তিনি ও তার দুই সহকর্মী গুরুতর অসুস্থ।
মাঠ পর্যায়ে কাজ শেষে ইয়েমেনের বন্দরনগরী অ্যাডেনে ফেরার সময় গত বছরের ফেব্রুয়ারিতে তারা অপহরণের শিকার হন। তাদের অপহরণ করেছে আল-কায়েদার আরব পেনিনসুলা (একিউএপি) শাখা।
ভিডিওতে দেখা গেছে, নীল শার্ট ও চশমা পরা সুফিউল লিখিত বিবৃতি পড়ছেন। তিনি বলেন, অসুস্থ সহকর্মীদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।
গত ৩ জুন ভিডিওটি রেকর্ড করা হয়েছে। তবে এটা দেখে জানার উপায় নেই, যে বিবৃতিটি সুফিউল আনাম পড়েছেন সেটা কে লিখে দিয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল।
সুফিউল ও তার সহকর্মীরা অ্যাডেনে জাতিসংঘের ‘সেফটি অ্যান্ড সিকিউরিটি’ বিভাগে কাজ করতেন।
২০১৪ সালে ইরান সমর্থিত শিয়া হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নিলে দেশটিতে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এ সুযোগে মাথাচাড়া দিয়ে ওঠে আল-কায়েদা।
সুফিউল আনামসহ জাতিসংঘের পাঁচ কর্মী অপহৃত হওয়ার পর জাতিসংঘ ইয়েমেনের রাজনৈতিক নেতাদের মাধ্যমে আল-কায়দার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে, এমন খবর আসে সংবাদমাধ্যমে।
ওই সময় সুফিউলের পারিবারিক সূত্র সংবাদমাধ্যমকে জানায়, তিনি ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জাতিসংঘে যোগ দেন। কিছুদিনের মধ্যেই তার অবসরে যাওয়ার এবং ঢাকায় ফেরার কথা ছিল। তার গ্রামের বাড়ি কুমিল্লা। তার স্ত্রী কাজী নাসরিন আনাম ঢাকায় থাকেন। দুই সন্তানের দুজনই বর্তমানে কানাডাপ্রবাসী।
