কোরবানির পশুবাহী গাড়ির সামনে ও পেছনে গন্তব্য লেখা থাকতে হবে। মহাসড়কে পশুবাহী এসব গাড়ি থামানো যাবে না। কেউ বাধা দিলে কোনোভাবেই বরদাশত করা হবে না। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভায় হাইওয়ে পুলিশপ্রধান পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান এ কথা বলেছেন।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরের কনফারেন্স রুমে ‘ঈদুল আজহা ২০২৩ উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত’ রাখার লক্ষ্যে এ সভা হয়েছে।
সভায় এক ব্যবসায়ী অভিযোগ করেন, সড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করা হয়। এই অভিযোগের বিষয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন বলেন, কোনো গরুর হাটের স্বেচ্ছাসেবক জোরপূর্বক বা বাধা দিয়ে গাড়ি হাটে ঢোকাতে পারবে না।
