বাংলানিউজ প্রতিনিধি নাদিমের ওপর সন্ত্রাসী হামলা

আপডেট : ১৫ জুন ২০২৩, ১২:০৭ পিএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের ওপর দুর্বৃত্তরা হামলা করে গুরুতর আহত করেছে।

বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকার পাথাটির এটিএম বুথের সামনে দুর্বৃত্তরা নাদিমের মাথা-চোখসহ বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি রক্তাক্ত ও অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সাংবাদিক লালন জানান, অফিসে পেশাগত জরুরি কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাকে একদল দুর্বৃত্ত পিটিয়ে অজ্ঞান করে নির্জনে স্থানে ফেলে রাখে যায়। খবর পেয়ে আমি পথচারীদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিই।

আহত নাদিমের স্ত্রী মনিরা বেগম জানান, আমি ফোনে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি তাকে অনেক আঘাত করা হয়েছে। তার অবস্থা ভালো না। ঘটনার সাথে জড়িতদের বিচার চাই।

বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহীন আল আমিন জানান, অসৎ উদ্দেশ্যে সাংবাদিক নাদিমকে গুরুতর আহত করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এর সুষ্ঠু তদন্তসাপেক্ষে দুষ্কৃতকারীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানায়, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তার অবস্থার খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত রেজাউল নামে একজনকে আমরা চিহ্নিত করতে পেরেছি। তাকে আটকের চেষ্টা চলছে। বাকিদের খুব দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত