অ্যাম্বারের প্রত্যাবর্তন নিয়ে বাগযুদ্ধ

আপডেট : ১৭ জুন ২০২৩, ১১:৪৭ পিএম

৬৯তম তাওরমিনা ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাম্বার হার্ড অভিনীত সিনেমা ‘ইন দ্য ফায়ার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। মামলায় হেরে যাওয়ার পর প্রথমবারের মতো পর্দায় ফিরছেন অভিনেত্রী। ইতালির মর্যাদাপূর্ণ এই ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাম্বারের মতো বিতর্কিত অভিনেত্রীর সিনেমা প্রদর্শন করা হবে জেনে বিতর্কের সৃষ্টি হয়েছে!

২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চলবে তাওরমিনা ফিল্ম ফেস্টিভ্যাল। জমকালো এই আসরে অ্যাম্বার ছাড়াও ‘ইন দ্য ফায়ার’ সিনেমার পরিচালক কনর অ্যালিন এবং সহ-অভিনেতা এডুয়ার্ডো নরিগোরও যাচ্ছেন। সামাজিক মাধ্যম বিষয়টি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে। কেউ অ্যাম্বারের পক্ষে কথা বলছেন, কেউ বিপক্ষে। ছয় দশকের বেশি গৌরবোজ্জ্বল ইতিহাস তাওরমিনা ফিল্ম ফেস্টিভ্যালে। এরকম একটি উৎসবে অ্যাম্বারের ছবি থাকাকে ভালো চোখে দেখছেন না জনি ডেপের ভক্তরা। নেটিজেনদের এক পক্ষের মতে, অ্যাম্বারের মতো একজন নির্যাতনকারীর ছবি উৎসবে দেখানোটা লজ্জাজনক। এটিকে উৎসবের ইতিহাসের কলঙ্ক বলে মনে করছেন তারা। এদিকে অ্যাম্বার ভক্তদের মত, দারুণভাবে ফিরতে চলেছেন অ্যাম্বার। থ্রিলারধর্মী সিনেমা ‘ইন দ্য ফায়ার’ সিনেমায় অ্যাম্বার একজন বিধবা আমেরিকান মনোরোগ বিশেষজ্ঞের ভূমিকায় অভিনয় করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত