পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির ২৬৭ কোটি ৫০ লাখ টাকার বন্ড প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল সোমবার অনুষ্ঠিত এসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, রানার অটোমোবাইলসের সাত বছর মেয়াদি ২৬৭ কোটি ৫০ লাখ টাকার বন্ড অনুমোদন করা হয়েছে। এটি অনিরাপদ, অবসায়নযোগ্য, অরূপান্তরিত, গ্যারান্টেড, সাসটেইনেবিলিটি বন্ড। বন্ডের কুপন হার হবে ৮ দশমিক ৫ থেকে ৯ শতাংশ। বহুজাতিক ও দেশীয় বীমা কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেটস ও উচ্চসম্পদশালী ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।
এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে রানার অটোমোবাইলস গ্রাহকদের ঋণ সুবিধা, সোলার প্ল্যান্ট নির্মাণ এবং বন্ড ইস্যু-সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করা হবে।
