ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আলাল দেওয়ানের (৫০) মৃত্যু নিয়ে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
গতকাল সোমবার এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ৬ জুন তুরাগ থানা এলাকায় ফাতেমা আক্তার নামে এক নারী হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে বাড়ির কেয়ারটেকার আলাল দেওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রায় ১০ দিন হেফাজতে রাখে এবং পরবর্তী সময়ে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় এমএসএফ তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এমএসএফ মনে করে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রায় ১০ দিন আটক রাখার পর ঘটনার যে বর্ণনা দিয়েছে, তা বিশ্বাসযোগ্য নয়। হেফাজতে থাকা আটক ব্যক্তির মৃত্যু একটি অতীব গুরুত্বপূর্ণ অমানবিক ঘটনা এবং তা অবশ্যই অনাকাক্সিক্ষত ও অপ্রত্যাশিত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
