পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করতে ওই তিন জেলার জেলা প্রশাসককে (ডিসি) আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল সোমবার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন এইচআরপিবির (হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ) পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিস পাঠান। এতে নোটিস পাওয়া সাপেক্ষে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। ব্যত্যয় হলে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুসারে অসদাচরণের অভিযোগে এনে ব্যবস্থা চেয়ে আদালতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, অবৈধ ইটভাটা বন্ধে আদালতের নির্দেশনা থাকার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
