বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে আনন্দমুখর পরিবেশে রাজধানীসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রীশ্রী জয় জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার আট দিনের এই উৎসব শুরু হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পেলে মানুষের মুক্তি লাভ হয়। উপবাস করে শূচিশুদ্ধ মনে রথ টানায় অংশ নিলে পাপমুক্তি এবং মনোবাসনা পূর্ণ হয়।
এই বিশ্বাস থেকে সুসজ্জিত রথের ওপর প্রভু জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে দড়ি টেনে সেই রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রীতি ও বাংলা পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। স্বামীবাগে ইসকন মন্দির থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা টিকাটুলি, ওয়ারী, গুলিস্তানসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নানা বয়সী হাজার হাজার ভক্ত পুণ্যার্থী ঢাক-ঢোল বাজিয়ে, শঙ্খ আর উলুধ্বনি ও ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। এ ছাড়া পুরান ঢাকার শাঁখারীবাজার থেকেও রথযাত্রার আয়োজন করা হয়। রথযাত্রা নির্বিঘœ করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
রথযাত্রা উপলক্ষে দিনভর মঙ্গল আরতি, ভাগবদ্গীতা পাঠ, কীর্তন, যজ্ঞানুষ্ঠান, প্রসাদ বিতরণ ও রথ মেলা হয়। ২৮ জুন উল্টো রথযাত্রার মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি হবে।
আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী মানিক্য মাধবের রথাযাত্রা ও বিশ দিনব্যাপী রথমেলা গতকাল থেকে শুরু হয়েছে। সকালে রথযাত্রা ও রথমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান। রথযাত্রা ও রথমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক জানান, গাজীপুরের ঐহ্যিবাহী মানিক্য মাধবের রথমেলাটি প্রায় দেড় শ বছরের পুরনো।
বাগেরহাট প্রতিনিধি জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বাগেরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। গতকাল দুপুর ১২টা ১ মিনিটে বাগেরহাটের কচুয়া উপজেলার শিবপুর গ্রামের ঐতিহ্যবাহী শিবপুর রাধা মদন মোহন মন্দিরে হাজার হাজার ভক্ত পুণ্যার্থীরা জড়ো হয়ে রথ টানায় অংশ নেন। সাইনবোর্ড বাজারের দুর্গা মন্দিরে গিয়ে রথযাত্রা শেষ হয়। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলার বিভিন্ন মন্দিরেও শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, সকাল ৯টায় সান্তাহার পৌর শহরের রাধা মাধবমন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার ও মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান। মন্দির প্রাঙ্গণ থেকে রথে প্রথম টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। রথযাত্রায় হাজারো নারী-পুরুষের সমাগম হয়।
নিজস্ব প্রতিেিবদক, কুমিল্লা জানান, শহরের শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দিরে পূজা, দর্শন আরতি ও লীলামৃত পাঠের মধ্য দিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রাদেবীর রথযাত্রা উৎসব শুরু হয়।
দুপুরে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ভক্ত সমাবেশ, শোভাযাত্রা, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিকেলে ইসকনের আয়োজনে জগন্নাথ দেবের মন্দির থেকে গুণ্ডিচা মন্দির পর্যন্ত পৃথক রথারোহণ ও রথযাত্রার শুভ সূচনা করা হয়।
ইসকন, কুমিল্লার উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন চান্দিনা আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা সিটি করপোরেশন মেয়র আরফানুল হক রিফাত। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের মন্দিরের চারপাশে মেলা বসেছে।
