এপিএ পুলিশের কাজে আরও গতিশীলতা আনবে : আইজিপি

আপডেট : ২১ জুন ২০২৩, ০৪:৫৮ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলছেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের ফলে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ ও প্রধানমন্ত্রীর ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রস্তুতি আরও জোরদার হবে।

গতকাল মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পুলিশের ৩৬টি ইউনিটের প্রধানদের সঙ্গে ২০২৩-২৪ অর্থবছরের এপিএ স্বাক্ষরকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকার ১৭টি ইউনিটের প্রধানরা উপস্থিত থেকে এবং প্রথমবারের মতো ঢাকার বাইরের ১৯টি ইউনিটের প্রধানরা ভার্চুয়ালি যুক্ত থেকে এপিএ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (এইচআর) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ। অতিরিক্ত আইজিপি, বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পুলিশপ্রধান বলেন, বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষায় অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করে যে সুনাম অর্জন করেছে তার ধারাবাহিকতা অক্ষুন্ণ রাখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত