বাংলাদেশ ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ধারায় বেশ সক্রিয়। প্রায়শই বিভিন্ন নাচের দল ভারতের বিখ্যাত গুরুদের নিয়ে কর্মশালাসহ নানা ধরনের আয়োজন করে থাকে। তবে গ্লোবাল ড্যান্স স্টাইলে আমাদের দেশ অনেকটাই পিছিয়ে। তবে ঢাকার নৃত্যশিল্পী মোফাসসাল আলিফ নিয়মিত ওয়েস্টার্ন নাচ নিয়ে কাজ করছেন। এবার তিনি ‘লেভেল আপ’ নামের গ্লোবাল ড্যান্স ক্যাম্পের আয়োজন করছেন রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। গতকাল শুরু হওয়া ক্যাম্পটি শেষ হবে আগামীকাল। ক্যাম্পে তিন দিনে তিন ধরনের ওয়েস্টার্ন নাচের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ১ম দিন ছিল কন্টেম্পোরারি নাচের ওপর, আজ জ্যাজ ফাংক আর আগামীকাল হবে অ্যাফ্রো বিট।
মোফাসসাল আলিফ বলেন, ‘বাংলাদেশে এই প্রথম গ্লোবাল ড্যান্স ক্যাম্প হচ্ছে। আমি বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ট্যারেন্স লুইসের কাছ থেকে আধুনিক মডার্ন ড্যান্সের ওপর প্রশিক্ষণ নিয়ে দেশে এসে তা ছড়িয়ে দিতে চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় এই প্রথম ৩টি গ্লোবাল ট্রেন্ডিং ড্যান্স স্টাইলের ওপর প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ত্রিশের অধিক নৃত্যশিল্পী রেজিস্ট্রেশন করেছেন। প্রশিক্ষণ শেষে তারা যা শিখল তা নিয়ে একটি আয়োজন হবে, পাশাপাশি সার্টিফিকেট প্রদান করা হবে। মূলত মডার্ন ড্যান্সের পেশাজীবী নৃত্যশিল্পীদের জন্য এই আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ড্যান্স ক্যাম্প কন্টিনিউ করতে চাই।’
