সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে গতকাল বুধবার ভোট দেননি বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও তার সঙ্গী দলগুলো সিটি নির্বাচন বর্জন করেছে। এ অবস্থায় টানা দুবার জয় পাওয়া আরিফুলও নির্বাচনে অংশ নেননি।
এদিকে গতকাল সকালেই মেয়র আরিফুল সিলেট শহর ছেড়ে দাদাবাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে যান। সঙ্গে ছিলেন স্ত্রী শ্যামা হক ও তার ব্যক্তিগত তিন কর্মকর্তা।
এর আগে গত মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে মেয়র আরিফুল সাংবাদিকদের বলেন, ‘আমার দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। তাই আমি প্রার্থী হইনি। নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। জনগণকে এই নির্বাচন বয়কট করার আহ্বান করছি। ভোটের সারা দিন আমি আমার দাদাবাড়িতে থাকব। সেখানে আম কুড়াব।’
প্রসঙ্গত, আরিফুল হক চৌধুরী ২০১৩ সালে আওয়ামী লীগের প্রয়াত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে হারিয়ে প্রথমবার মেয়র হন। ২০১৮ সালের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে চারটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেন। একমাত্র সিলেটে বিএনপি থেকে আরিফুল হক মেয়র নির্বাচিত হন।
