জামিন মেলেনি সেন্ট্রালের দুই চিকিৎসকের

আপডেট : ২২ জুন ২০২৩, ০২:৫০ এএম

রাজধানীর গ্রিন রোডে বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রথমে নবজাতক ও পরে মায়ের মৃত্যুর ঘটনায় করা মামলায় কারাগারে থাকা দুই চিকিৎসকের জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

এই দুই চিকিৎসক হলেন ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা। তাদের পক্ষে আদালতে শুনানি করেন ঢাকা বারের সভাপতি মিজানুর রহমান মামুন।

সেন্ট্রাল হাসপাতালে গাইনি চিকিৎসক অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে ৯ জুন ভর্তি করা হয় মাহবুবা রহমান আঁখিকে। কিন্তু এ সময় ডা. সংযুক্তা হাসপাতালে ছিলেন না। বিষয়টি তাকে জানানো হয়নি বলেও পরবর্তী সময়ে দাবি করেন তিনি। তবে সংযুক্তা সাহার দুই সহযোগী চিকিৎসক আঁখির স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। কিন্তু জটিলতা দেখা দেওয়ায় নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। একইসঙ্গে আঁখির অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ১০ জুন নবজাতক মারা যায়। এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী রাজধানীর ধানমন্ডি থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা করেন। এ মামলায় ডা. শাহজাদী, ডা. মুনা সাহা, ডা. মিলিসহ হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকজনকে আসামি করা হয়। গত ১৫ জুন ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। গত ১৮ জুন দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আঁখি।

গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ডা. সংযুক্ত সাহা আঁখির মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত