ড. ইউনূসের আবেদনের শুনানি অবকাশের পর

আপডেট : ২২ জুন ২০২৩, ০২:৫৯ এএম

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ও গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা আবেদনের ওপর শুনানি হবে সুপ্রিম কোর্টের অবকাশের পর। গতকাল বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে মামলাটি কার্যতালিকায় ছিল। আদালত নট টু ডে (আজ নয়) আদেশ দেয়।

গত সোমবার ড. ইউনূসের পক্ষে তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টে এ আবেদনটি করেন। এতে শ্রম আদালতে ওই অভিযোগ গঠন বাতিল চাওয়া হয়। গত ৬ জুন ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূসের উপস্থিতিতে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেন আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) বেগম শেখ মেরিনা সুলতানা।

ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন দেশ রূপান্তরকে বলেন, ‘অভিযোগ গঠন আইনানুগ হয়নি। কেননা এটি একটি দেওয়ানি বিষয়। আদালত আজকে (গতকাল) আবেদনটি শুনবেন না বলেছেন। সংগত কারণে অবকাশের পর শুনানি হবে।’

গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগে ড. ইউনূস, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানের বিরুদ্ধে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার শ্রম আদালতে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে এর কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে ওই বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি তা বাতিল প্রশ্নে রুল দেয়। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ জুন আপিল বিভাগ রুলের শুনানি দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়ে এ সময় পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে আদেশ দেয়। গত বছরের ১৭ আগস্ট হাইকোর্ট ড. ইউনূসের বিরুদ্ধে মামলার কার্যক্রম বাতিল প্রশ্নে রুল খারিজ করে রায় দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত