ডা. সংযুক্তাকে সেন্ট্রাল হাসপাতালের আইনি নোটিশ

আপডেট : ২২ জুন ২০২৩, ১১:৪৬ এএম

সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে ডা. সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠায়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২১ জুন) ডা. সংযুক্তার বাসার ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, গত ২৪ বছর ধরে সরকারি নিয়ম-কানুন মেনে রোগীদের সেবা দিয়ে আসছে সেন্ট্রাল হাসপাতাল। ডা. সংযুক্তা সাহার মিথ্যা ও বানোয়াট বিবৃতি সেন্ট্রাল হাসপাতালের জন্য মানহানিকর। এর ফলে সেন্ট্রাল হাসপাতালের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে ডা. সংযুক্তা সাহা তার বক্তব্য প্রত্যাহার না করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। সেন্ট্রাল হাসপাতালের পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী মো. মাজহারুল ইসলাম।

এর আগে, গত ২০ জুন এক সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা সাহা দাবি করেন, নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতাল তার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তিনি বলেন, ‌আঁখি যখন হাসপাতালে, তখন আমি দেশে ছিলাম না। আমার কাছে টিকিট ও বোর্ডিং পাস আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটরিং করিনি। সব মিথ্যা। নিজেদের গাফিলতি লুকানোর জন্য আমার নামে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে সেন্ট্রাল হাসপাতাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত