তমার তুরুপের তাস ‘সুড়ঙ্গ’

আপডেট : ২৩ জুন ২০২৩, ০১:০৬ এএম

চলচ্চিত্রে অভিনয় করে অনেক আগেই তারকাখ্যাতি পেয়েছেন তমা মির্জা। অর্জন করেছেন জাতীয় পুরস্কারও। তবে তার পথচলা মসৃণ ছিল না। চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে বর্তমানে ক্যারিয়ারের নতুন ইনিংস উপভোগ করছেন। তার বর্তমানের কাজগুলো অনেক বেশি পরিণত, সফল। দর্শকেরও আগ্রহ বেড়েছে তাকে নিয়ে। এরই মধ্যে ওটিটিতে দারুণ কিছু কাজ করেছেন অভিনেত্রী। তবে বড়পর্দার নতুন ইনিংসটা শুরু হবে আসছে ঈদে। এই অভিনেত্রীকে তিন বছর পর প্রেক্ষাগৃহে দেখা যাবে। তমার ক্যারিয়ারের তুরুপের তাস ‘সুড়ঙ্গ’ ছবিটি। এরই মধ্যে ঈদে মুক্তি প্রতীক্ষিত সুড়ঙ্গ ছবিটির টিজার, ফার্স্টলুক ও পূর্বাভাস ফেসবুক আর ইউটিউবে প্রকাশিত হয়েছে। এসবের পর আলোচনায় আছেন অভিনয়শিল্পী তমা মির্জা। তিনি জানান, ‘সুড়ঙ্গ ছবির ফার্স্টলুক, টিজার, ট্রেলার, আইটেম গান সবকিছুই দর্শকের ভালো লেগেছে। সবার কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। এসব প্রতিক্রিয়া ভীষণ উৎসাহের ও অনুপ্রেরণার’।

পরিচালক রায়হান রাফীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তমা বলেন, ‘সুড়ঙ্গ রাফির সঙ্গে আমার পাঁচ নম্বর কাজ। এই ছবির পরিসর অনেক বড়। ধরে ধরে ফ্রেমিং করছিল যখন, তখনই বোঝা যাচ্ছিল, আমরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার শুটিং করছি। তবে রাফীর ক্ষেত্রে বিষয়টা এমন না যে সে ফিল্মের ডিরেকশন দেয় একরকম, আবার যখন ওটিটির দেয় সেটা আরেক রকম। কাজের ধারাবাহিকতা সব জায়গায় একই রকম, কোথাও কোনো ছাড় দেয় না। এই ছবির ক্ষেত্রে বড় ব্যাপার হচ্ছে, আফরান নিশো ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা, এটা ভীষণ ভালো। তিনি এত ভালো একজন অভিনেতা, তার জায়গায় তো তিনি স্টার, এত অভিজ্ঞ একজন অভিনেতার সঙ্গে কাজ করছি, তার মধ্যে সেই গাম্ভীর্য, জড়তা কিছুই পাইনি, যদিও তার সঙ্গে প্রথম কাজ।’ তিনি আরও বলেন, ‘সুড়ঙ্গ ছবিতে আফরান নিশো মাসুদ আর আমি ময়না চরিত্রে অভিনয় করেছি। পর্দার মাসুদ ও ময়না হয়ে ওঠার যে জার্নি, এটা সারা জীবন মনে থাকবে। এটা বলার কারণ কী, সেটা জানার জন্য দর্শকদের ছবিটা দেখতে হবে। ছবি দেখলেই দর্শক বুঝতে পারবে, এই জার্নি কেন আলাদা। একটা কথা স্ট্রংলি বলতে চাই, সবকিছু মিলিয়ে ছবিটা আমার জীবনে বিশেষ হয়ে থাকবে।’

এই ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার সুপারস্টার আফরান নিশোর। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তমা বলেন, ‘আসলে নিশোর সঙ্গে যেহেতু আমার আগে কখনো কাজ হয়নি, সেই জায়গা থেকে একটা চিন্তাভাবনা মনের মধ্যে দাঁড় করা ছিল, হয়তো একটু গম্ভীর হবে। কিন্তু দেখলাম, তিনি অসম্ভব ভালো ও সহযোগিতাপরায়ণ। প্রতিটা ফ্রেমে ফ্রেমে আলোচনা করেছেন। রাফী দেখিয়ে দিল, এরপরও দেখা গেল, নিশো ভাই আলাদা করে আলোচনা করছেন, ‘কী করবা তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে করছি আমরা।’ এই যে একটা সহশিল্পীর সাপোর্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটাই এই ছবির বেস্ট পার্ট। সে কারণেই ছবিটা অন্য ছবির চেয়ে আলাদা হবে।’

কয়েক বছর পর ঈদে আপনার ছবি মুক্তি পাচ্ছে। এই ঈদে আরও বেশ কয়েকটি ছবি মুক্তির ঘোষণা শোনা যাচ্ছে। বিরতির পর ফিরে আসার ঈদ কেমন হবে মনে হচ্ছে? জানতে চাইলে তিনি বলেন, ‘২০১৯ সালে গহীনের গান প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এরপর ওটিটির জন্য বেশি কাজ করা হয়েছে। বিরতির পর ঈদে ফেরাটা খুব ভালো কিছুই হবে। আমি এবারের ঈদের প্রতিটি ছবি নিয়ে ভীষণ আশাবাদী। এখন পর্যন্ত যেসব ছবি মুক্তির কথা এসেছে, কখনো এটা ভাবি না, শুধু আমার ছবিটাই ভালো যেতে হবে। শুধু ঈদে নয়, ঈদের আগে-পরে যেসব ছবি মুক্তি পাবে, সব ভালো যেতে হবে বলে মনে করছি। সব ছবি যখন ভালো চলবে, ব্যবসা করবে, তখনই আমরা আরও আগ্রহ পাব। আমাদের মনোবলও অনেক বেড়ে যাবে।’

পরিচালক রায়হান রাফীর সঙ্গে চমৎকার বন্ধুত্বের ব্যাপারটি সবাই জানেন। এই বন্ধুত্বে কাজের সুবিধা হয় কতখানি জানতে চাইলে তমা বলেন, ‘একটা তো ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে। ডিরেক্টরের ভাষা বুঝতে অনেক সহজ হয়। অনেক বেশি ব্রিফিং দিতে হয় না। পরিচালকও তার ভাবনাচিন্তা নির্বিঘে্ন শেয়ার করতে পারে। আমি কিন্তু শুটিং সেটে প্রচুর বকা খাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত