শুরুতেই সুপারস্টারদের পেলেন প্রীতি!

আপডেট : ২৩ জুন ২০২৩, ০১:১০ এএম

প্রথম সিনেমাতেই ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ পান প্রীতি আলভি। গেল ঈদে মুক্তি পাওয়া ‘লিডার : আমি বাংলাদেশ’ সিনেমায় শাকিবের বোনের চরিত্রে অভিনয় করেছেন এই নবাগতা। এবার প্রথম নাটকে তিনি অভিনয় করেছেন টিভি নাটকের সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ শিরোনামের নাটকে তাকে দেখা গেছে অপূর্বর প্রেমিকার চরিত্রে। দেড় বছরে অভিনয় করেছেন চল্লিশটিরও বেশি নাটকে! প্রীতি বলেন, ‘প্রথম দিকে অভিনয় নিয়ে সিরিয়াস ছিলাম না। কাজ করতে গিয়ে অভিনয়ের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়। এরপর থেকে পড়াশোনার পাশাপাশি অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করি। এখন পর্যন্ত যাদের সঙ্গেই কাজ করেছি সবার কাছ থেকেই সাপোর্ট পেয়েছি যে কারণে নিজেকে আরও বেশি পরিণত করার একটা ইচ্ছা জাগে।’

তিনি আরও বলেন, ‘নাটকে ব্যস্ততা বাড়তে থাকে। এটা আমার সৌভাগ্য যে প্রথম সিনেমায় শাকিব খান এবং প্রথম নাটকে অপূর্ব ভাইয়ার মতো শিল্পীর সঙ্গে কাজ করতে পেরেছি।’ মেহজাবীন চৌধুরীর অভিনয় তাকে অনুপ্রাণিত করে। ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ নাটকে মেহজাবীনের সঙ্গে কাজও করেছেন। প্রীতি বলেন, ‘আমরা যারা নতুন কাজ করি তাদের ভালো ভালো কাজে সুযোগ দেওয়া উচিত যেন তারাও কিছু করে দেখাতে পারে। টেলিভিশনের পাশাপাশি এখন ওটিটিতেও ভালো কাজ হচ্ছে। সব মাধ্যমেই কাজ করতে চাই। আমার কোনো তাড়াহুড়ো নেই, একটু একটু করেই সামনে এগিয়ে যেতে চাই। চেষ্টা, সততা আর ডেডিকেশন থাকলে সাফল্য আসবেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত