‘ফের নৌকায় ভোট দিলেই সিদ্ধান্ত বয়স্ক ও বিধবা ভাতার’

আপডেট : ২৩ জুন ২০২৩, ০২:২৪ এএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। পুনরায় নৌকা মার্কায় ভোট দিলেই সিদ্ধান্ত হবে, বয়স্ক-বিধবা, প্রতিবন্ধীসহ সব সামাজিক ভাতা থাকবে কী, থাকবে না।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে ভিজিএফের ৬৭৬ জন দুস্থের মাঝে ১০ কেজি করে চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার সময় ভ্যাকসিন কি বিএনপি দিয়েছিল। ওই সময় তারা আপনাদের পাশে না থেকে, সরকারের বিরুদ্ধে অপ্রচার করেছে। ভ্যাকসিন দিলে মানুষ মরে যাবে। আমরা সময় মতো ভ্যাকসিন না দিলে লাখ লাখ মানুষ মারা যেত। আমরা করোনা নিয়ন্ত্রণে এশিয়ায় প্রথম হয়েছি। ভারতের মতো বৃহত্তম রাষ্ট্র যেখানে ব্যর্থ হয়েছে। আমরা থ্যাইল্যান্ড, শ্রীলঙ্কার চেয়ে আগে ভ্যাকসিন সংগ্রহ করে আপনাদের বিনামূল্যে দিয়েছি। প্রতিটি মানুষকে ৩-৪ বার ভ্যাকসিন দিয়েছি। প্রতিটি ভ্যাকসিনে ১০ হাজার টাকা করে খরচ হয়েছে সরকারের।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, তারা ক্ষমতায় থাকতে বোমাবাজি করে মানুষ হত্যা করেছে। তাদের সময় শিক্ষার্থীদের নতুন বই দিতে পারেনি। কয়েক মাস পর নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানান এ সময়। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সব উন্নয়ন কাজ বন্ধ করে দেবে।

এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, মানিকগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহাসহ সাটুরিয়া ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সাটুরিয়া, হরগজ ও ফুকুরহাটি ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত