তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জীবন এক যুদ্ধক্ষেত্র। ইচ্ছাশক্তির কমতিই এখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তাই অদম্য ইচ্ছাশক্তি আর নিরন্তর সংগ্রামই জীবনযুদ্ধে জয়ের সবচেয়ে বড় হাতিয়ার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে স্কলাস্টিকা প্রধান শাখার ‘এ লেভেল’ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. হাছান দেশ-বিদেশের বিদ্যাপীঠ থেকে তার অর্জিত শিক্ষা ও জীবনসংগ্রাম থেকে লব্ধ অভিজ্ঞতার ওপর আলোকপাত করে বলেন, ‘প্রতিবন্ধকতা দেখে হতোদ্যম না হয়ে লড়াই অব্যাহত রাখতে হবে। কোনো পরীক্ষার ফল খারাপ হলে মন খারাপ নয়, সেখান থেকেই নতুন উদ্যমে চেষ্টা করতে হবে। দৃপ্ততার সঙ্গে শপথ নিতে হবে আমাকে বিশ্বজয়ী হতে হবে, আমাকে এটা করতে পারতেই হবে, আমি সফল হবোই। তাহলেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো যাবে।’
জীবনের কোনো কোনো পর্যায়ে একাই লড়াই করতে হয় উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী এ সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, লতা মঙ্গেশকর, বিল গেটস প্রমুখ বিশ্বের সফলতম ব্যক্তিদের জীবনের হার না মানা সংগ্রামের উদাহরণ তুলে ধরেন।
শিক্ষার্থীদের তাদের আজকের অবস্থানে উত্তরণের পেছনে মা-বাবা, পরিবার ও শিক্ষকদের যে পরম অবদান রয়েছে তা সারা জীবন স্মরণ রেখে সম্মান দিতে হবে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
‘আশা ও আকাক্সক্ষা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্কলাস্টিকার পক্ষে মিরপুর সিনিয়র শাখার অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার এবং হেড অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা বক্তব্য রাখেন।
