কালিগঙ্গায় কচুরিপানার জট, নৌ চলাচল ব্যাহত

আপডেট : ২৩ জুন ২০২৩, ১১:১৮ এএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কালিগঙ্গা নদীতে কচুরিপানায় ছেয়ে গেছে। এতে সাতদিন ধরে নৌ চলাচল ব্যাহত হচ্ছে।

শুক্রবার (২৩ জুন) সকালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাসেবীদের নিয়ে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। এর আগে বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও ও ফায়ার সার্ভিসের একটি টিম।

জানা যায়, প্রায় ৭দিন পূর্বে পানির সঙ্গে পশ্চিমে উজান থেকে নেমে আসা কচুরিপানা জামশা ব্রিজের পিলারে আটকে যায়। নদীতে প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে পর্যায়ক্রমে এ কচুরিপানা স্তরে স্তরে জমা হয়ে প্রায় তিন ফুটের মত স্তুপে পরিণত হয়েছে। এ স্তুপ এতটাই শক্ত হয়েছে যে এতে নদীতে নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়ে থাকতে দেখা গেছে মালবাহী কয়েকটি ট্রলার, বাল্কহেড ও ভাসমান বাঁশের চালা।

এদিকে কচুরিপানা ওপর দিয়ে কৌতূহলী লোকজনকে দেখা গেছে নদীর এপার থেকে ওপার যাতায়াত করতে। কিশোর-যুবকদের দেখা গেছে খেলাধুলা করতে। এছাড়া স্থানটিতে ভিড় করেছে শত শত লোকজন। দেখা গেছে কেউ লাইভ করছে আবার কেউবা ছবি তুলতে ব্যস্ত। এতে কচুরিপানর ফাঁক দিয়ে পানিতে পড়ে যে কোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

নদীটি দিয়ে কোরবানির পশুবাহী নৌযান চলাচলে অসুবিধার কথা বিবেচনা করে বৃহস্পতিবার বিকেলে কচুরিপানা অপসারণে প্রয়োজনীয় করণীয় ঠিক করতে ফায়ার সার্ভিসের টিম নিয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) দীপন দেবনাথ। কচুরিপানা অপসারণের কাজে ফায়ার সার্ভিসের টিম এবং স্থানীয় লোকজনের সঙ্গে এসময় তারা নিজেরাও সরাসরি অংশ নেয়। এরপরও শুক্রবার দেখা গেছে কচুরিপানা আগের মতই রয়ে গেছে। ঈদকে সামনে রেখে কোরবানির পশুবাহী নৌযান চলাচলে নদীটির যোগাযোগ সচল করার জন্য কর্তৃপক্ষে জোরালো পদক্ষেপ আশা করছে এলাকাবাসী।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, বাল্কহেড নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে করে কচুরিপানা অপসারণ কাজ করে যাচ্ছি। আশা করছি শিগগিরই নৌযান চলাচল স্বাভাবিক করতে পারবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত