গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টা

আপডেট : ২৪ জুন ২০২৩, ০২:৩৪ এএম

রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় এক গৃহকর্মীকে নয়তলার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে রূপনগর আরামবাগ ৪ নম্বর রোডের ৪০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তামান্না নামে ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সকালে খবর পেয়ে আরামবাগের ৪ নম্বর রোডের ওই বাসার সামনে থেকে আহত গৃহকর্মীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতাল ঘুরে সর্বশেষ দুপুরে তাকে নিয়ে ভর্তি করা হয় ঢামেক হাসপাতালে।

এসআই জানান, ওই গৃহকর্মী অভিযোগ করেছে, গৃহকর্ত্রী তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। অভিযোগের পরিপেক্ষিতে গৃহকর্ত্রী অরুনিমা মৌকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। গৃহকর্মীর হাত, কোমরসহ শরীরের কয়েক জায়গায় ফ্যাকচার হয়েছে। তার অস্ত্রোপচার করা হয়েছে। তবে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে নাকি সে নিজেই লাফিয়ে পড়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

তামান্নার গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার কালিকা গ্রামে। বাবার নাম নিজাম উদ্দিন। আরামবাগের বাসায় চার মাস ধরে কাজ করে সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত