ফেনীর ফুলগাজীতে চারা বিতরণকে কেন্দ্র করে এক কৃষি কর্মকর্তাকে তিন দফা পিটিয়েছেন ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম। গতকাল শনিবার সকালে ফুলগাজী উপজেলার সব কটি ইউনিয়নে তালগাছ বিতরণ ও রোপণের জন্য টাকা বিতরণ করতে যান উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল আলম চৌধুরী। এ সময় ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান অতিরিক্ত বরাদ্দ ও সব চারা তাকে দিতে বলেন। এতে কৃষি কর্মকর্তা তার প্রস্তাবে রাজি না হওয়ায় তর্কাতর্কি শুরু করেন। একপর্যায়ে কৃষি কর্মকর্তাকে কিল-ঘুসি মারতে থাকেন চেয়ারম্যান।
ভুক্তভোগী কৃষি কর্মকর্তা শরিফুল আলম চৌধুরী ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নে কর্মরত। অন্যদিকে অভিযুক্ত মো. সেলিম সদর ইউনিয়নের চেয়ারম্যান।
শরিফুল আলম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, গতকাল সকালে সব ইউনিয়নে তালগাছ বিতরণ ও রোপণের জন্য টাকা বিতরণ করতে গেলে হঠাৎ করে স্থানীয় চেয়ারম্যান এসে জানতে চান কীভাবে আমরা লিস্ট করেছি, কাদের বিতরণ করেছি? আমি এ ব্যাপারে কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলতে বললে তিনি আমার ওপর ক্ষেপে যান ও আমার হাতে থাকা লিস্ট ছিঁড়ে ফেলে দেন এবং আমাকে ধাক্কা মেরে লাঞ্ছিত করেন। পরে আমি উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা স্যারকে জানালে তিনি ঘটনাস্থলে এসে চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে চাইলে ওনার সামনেই দুই দফা আমাকে হামলা করেন। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এ ঘটনার পর ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে অভিযুক্ত চেয়ারম্যানসহ উপজেলা পরিষদে বৈঠক বসে। সেখানে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলা হয় কৃষি কর্মকর্তাকে।
এ বিষয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঞা বলেন, কৃষি কর্মকর্তাকে মারধরের বিষয়টি শুনেছি। বিষয়টি কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম বলেন, মারধরের ঘটনা ঘটেনি। তবে কথা-কাটাকাটি হয়েছে।
অভিযুক্ত সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সামান্য কথা-কাটাকাটি হয়েছে বলে স্বীকার করে তা সমাধান হয়ে গেছে বলে জানান।
