ঘরে ঢুকে কলেজছাত্রীকে ছুরি মেরে হত্যা

আপডেট : ২৫ জুন ২০২৩, ০২:১৪ এএম

নরসিংদীর পলাশের জিনারদীতে বসতঘরে ঢুকে এক কলেজছাত্রীকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম বিনা মিত্র (১৮)। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

গতকাল শনিবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিনা মিত্র ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে ঘোড়াশাল পৌর এলাকার লাগাইল্লা গ্রামের সঞ্জয় মিত্রের সঙ্গে বাবা-মার অজান্তে প্রেম করে বিয়ে করে বিনা মিত্র। বিয়ের পর সে জানতে পারে সঞ্জয় আগে থেকেই বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। পরে সে ৫ থেকে ৬ মাস সংসার করে বাবার বাড়িতে চলে আসে। মাঝে মধ্যে তার স্বামীও তাদের বাড়িতে আসা-যাওয়া করত। কিন্তু কিছুদিন ধরে স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল তার। এরমধ্যে শুক্রবার রাতে বরাব মন্দিরের পাশে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রথযাত্রার প্রসাদ খাওয়া শেষে বাড়িতে ফিরে আসে সে। রাতে তার বাবা-মার থাকার ঘরের পাশের আরেকটি ঘরে পড়তে বসে বিনা। এ সময় তার মা উর্মিলা মিত্র কবিরাজি চিকিৎসা নিতে পাশের বাড়িতে যান। আর বাবা মুকুঞ্জ মিত্র পাশের রুমে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৯টার দিকে তার মা বাড়িতে এসে মেয়ের বিবস্ত্র মরদেহ  দেখতে পান।

জিনারদী ইউপি মেম্বার জয়ন্ত দাস বলেন, রাতে আমরা বিষয়টি জানতে পেরে চেয়ারম্যান ও প্রশাসনকে জানাই। পরে ঘটনাস্থলে গিয়ে বিবস্ত্র অবস্থায় মেয়েটিকে পড়ে থাকতে দেখি। খুবই নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) সামসুল হক বলেন, সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মরদেহের বুকে ছুরিকাঘাত ও ছুরিবিদ্ধ ছিল। এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত