৪৭টি গরু নিয়ে ট্রলারডুবি

আপডেট : ২৫ জুন ২০২৩, ০২:২২ এএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে কোরবানির ৪৭টি গরুসহ একটি ট্রলার ডুবে গেছে। এরই মধ্যে ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। বাকি ২৮টি গরুর এখনো

কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ট্রলারডুবির ঘটনায় কোনো মানুষ হতাহত হয়নি।

গতকাল শনিবার সকাল ১০টার দিকে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শুদ্রকান্দি এলাকায় এ ট্রলারডুবি হয়।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী বনি ইসলাম রূপক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরাজগঞ্জের চৌহালী থেকে ৪৭টি কোরবানির গরু নিয়ে ট্রলারটি নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। পথে শুদ্রকান্দি গ্রামে তীব্র স্রোতে পদ্মায় ট্রলারটি ডুবে যায়।

পরে ট্রলারে থাকা গরুর মালিকরা স্থানীয়দের সহায়তায় ১৯টি গরু উদ্ধার করতে সক্ষম হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, ২৮টি গরু এখনো নিখোঁজ রয়েছে। তবে ট্রলারডুবিতে কোনো মানুষ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত