আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল শনিবার বিএসএমএমইউতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় উপাচার্য এসব কথা বলেন। শহীদ ডা. মিলন হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে বঙ্গবন্ধুর ম্যুরালে ও সি ব্লকের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের অধীনে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আওয়ামী লীগের হাত ধরেই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠিত হয়েছে। এই দলের শাসনামলেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। দেশ এখন এগিয়ে যাচ্ছে উন্নত বাংলাদেশের দিকে।
উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এদেশের স্বাস্থ্য সেবা খাত পূর্ণতা পেয়েছে। এদেশে এখন কিডনি ট্রান্সপ্ল্যান্ট, লিভার ট্রান্সপ্ল্যান্ট, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট, বন্ধ্যত্ব, জটিল হৃদরোগ, ক্যানসারসহ সব ধরনের রোগের উন্নত চিকিৎসা দেশেই হচ্ছে। রোগীদের চিকিৎসা সেবার জন্য এখন দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই।
