রাজধানীর চকবাজার থানাধীন বকশিবাজার লেন এলাকার একটি বাসায় আব্দুল হাকিম মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরিবারের দাবি, তিনি ২০ বছর যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন।
আজ রবিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে হাকিম মিয়ার ছেলে মো. আল হাসান জানান, তার বাবা রেলওয়ের সাবেক কর্মচারী। তাদের বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়। পরিবার নিয়ে তারা বকশিবাজার লেনের তেজপাতা গলিতে একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। বিকেলে সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে দেন তার বাবা আব্দুল হাকিম। অনেক সময় পেরিয়ে গেলেও তার সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে দেখেন, ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ২০ বছর যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয় তাকে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
