শাহরুখ খানের তিন ছেলেমেয়ের মধ্যে দুজন ইতিমধ্যেই পর্দায় পা রেখেছেন। পরিচালক হিসেবে প্রথম ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন আরিয়ান। অন্য দিকে মুক্তি পেতে চলেছে সুহানার প্রথম সিরিজ ‘দি আর্চিজ’।
বছরের শুরুতে ‘পাঠান’-এর হাত ধরে বক্স অফিসে রাজত্ব করেছেন শাহরুখ। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি তারকার ঝুলিতে এসেছে সমালোচকের প্রশংসাও। এবার নিজের প্যান ইন্ডিয়া ছবি ‘জওয়ান’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন শাহরুখ। দক্ষিণী পরিচালক অ্যাটলির এই অ্যাকশন থ্রিলার ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে আত্মপ্রকাশ করতে চলেছেন বাদশা। তার পরেই লাইনে রয়েছে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’। তারপর? শোনা যাচ্ছে, ‘ডাঙ্কি’র পরে নাকি নিজের ছেলেমেয়ের ছবির দিকে মন দিতে চলেছেন শাহরুখ। খবর, মেয়ে সুহানার সঙ্গে নাকি পর্দায় দেখা যেতে চলেছে তাকে।
বলিউডে তার কর্মজীবনের বয়স তিন দশকের বেশি। উত্তরাধিকার সূত্রে এবার বিনোদনের জগতে পা রাখছেন শাহরুখের সন্তানরা। ক্যামেরার নেপথ্যে থেকে পরিচালক হিসেবে নিজের প্রথম ওয়েব সিরিজের শুটিং করছেন আরিয়ান। অন্য দিকে মুক্তির অপেক্ষায় সুহানার প্রথম কাজ ‘দি আর্চিজ’। আরিয়ানের প্রথম ওয়েব সিরিজের প্রযোজনায় রেড চিলিজ এন্টারটেনমেন্ট থাকলেও সুহানার প্রথম কাজের নেপথ্যে শাহরুখের কোনো ভূমিকা নেই। জয়া আখতারের সঙ্গে কাজ করে বলিউডে অভিষেক হতে চলেছে তার। তবে এর পরের কাজের জন্যই নাকি বাবার সঙ্গে জুটি বাঁধছেন সুহানা। খবর, ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনাতেই নাকি এক ফ্রেমে ধরা দিতে চলেছেন শাহরুখ ও সুহানা।
সম্প্রতি ‘দি আর্চিজ’-এর প্রচার ঝলক লঞ্চের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ব্রাজিলে গিয়েছিলেন সুহানা। অনুষ্ঠানে হাজির ছিলেন জয়া নিজেও। ছিলেন সুহানার সহ-অভিনেতা অগস্ত্য নন্দ, খুশি কাপুরও। খুব শিগগিরই জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘দি আর্চিজ’।
