রাশিয়ার জাতীয় সশস্ত্র বাহিনীর ইউনিগুলোর কাছে ভারী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম হস্তান্তর করবে দেশটির ভাড়াটে সৈন্যদের কোম্পানি ওয়াগনার গ্রুপ। মঙ্গলবার (২৭ জুন) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কোম্পানিটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নেতৃত্বে শনিবার (২৪ জুন) রুশ সরকারের বিরুদ্ধে ব্যর্থ এক বিদ্রোহ করার পর ওয়াগনার গ্রুপের পক্ষ এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরটি।
আরটির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগযোগ মাধ্যমের পোস্ট করা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত ওই বিবৃতিতে ভারী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম হস্তান্তর কারার ঘোষণা দেওয়া হলেও এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয় নি।
এদিকে বিবিসি জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সক্রিয় ইউনিটগুলোতে পিএমসি ‘ওয়াগনার’ ভারী সামরিক সরঞ্জাম হস্তান্তর করবে। এ বিষয়ে প্রস্তুতি চলছে। ’
ওয়াগনার গ্রুপের কাছে বর্তমানে ট্যাংক, অ্যান্টি এয়ারক্র্যাফট সিস্টেম, অ্যাটাক এয়ারক্র্যাফটের মত ভারী অস্ত্রসহ নিয়মিত সেনাবাহিনীর মতোই অস্ত্র রয়েছে। এই অস্ত্রগুলোর কিছু শনিবারের বিদ্রোহের সময় ওয়ানগার সেনারা ব্যবহার করেছিল।
এদিকে ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা তুলে নিয়েছে রাশিয়া।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বলেছে, গত সপ্তাহের শুরুর দিকে ওয়াগনার বিদ্রোহের চেষ্টা করলে তাদের নামে একটি ফৈজদারি মামলা হয়। এবার মামলাটি তুলে নেওয়া হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি বলেছে, ‘মামলাটি বাদ দেওয়া হয়েছে। কারণ বিদ্রোহে অংশগ্রহণকারীরা সরাসরি অপরাধ সংঘটনের লক্ষ্যে কাজ বন্ধ করে দিয়েছিল। ’
প্রসঙ্গত, শনিবার ভোরে দলটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের নেতৃত্বে রুশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে ওয়াগনারের সৈন্যরা শনিবার রোস্তভ-অন-দন শহরে প্রবেশ করে এবং আঞ্চলিক সামরিক কমান্ড কার্যালয়ের দখল নেয়। এ বিদ্রোহের মস্কো অভিমুখে যাত্রার সময় রাশিয়ার দুটি শহর নিয়ন্ত্রণে নেয় তারা। কিন্তু শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হয়।
