ঈদুল আজহায় বর্ণিল আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র। কেন্দ্রটি ঈদের আগের দিনসহ ৪ দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। প্রচারিত হবে তারকাবহুল ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। টেলিভিশন, চলচ্চিত্র ও গানের জগতের একঝাঁক জনপ্রিয় তারকা শিল্পীর অংশগ্রহণে এই বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে ঈদের দিন রাত ৯টায়। বিশেষ আঙ্গিকে নির্মিত এই ম্যাগাজিন অনুষ্ঠানে চিত্রনায়ক রিয়াজ ও নাট্যশিল্পী শামীমা তুষ্টির নজরকাড়া উপস্থাপনায় চিত্রনায়িকা নার্গিস আক্তার নিপুণ, মডেল ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, ইমরান হোসেন, কোনাল, বাংলাদেশি আইডল খ্যাত মং অ চিং মারমা এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত রাফাহ নাজিবা তোরসাসহ একঝাঁক তারকাশিল্পী বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও পরিচালনায় ‘তারার মেলা’ প্রযোজনা করেছেন এল রুমা আকতার ও নেছার উদ্দিন। ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, জায়েদ খান এবং অভিনেতা ও মডেল নিরব এবং চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের খ্যাতিমান শিল্পীসহ প্রায় সাড়ে ৬শ শিল্পী অংশ নিয়েছেন ঈদের অনুষ্ঠানমালায়। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা অরুণা বিশ্বাস থাকবেন বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’য়। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে। চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়ক নিরব কথা বলবেন ‘তারকা কথন’-এর দুটি পর্বে। পর্ব দুটি প্রচারিত হবে ঈদের দিন ও ঈদের পরের দিন রাত ১১টায়। ঈদের দিন, দ্বিতীয় দিন ও তৃতীয় দিন রাত ১০টায় প্রচার হবে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একক সংগীতানুষ্ঠান ‘গানে গানে আনন্দ’। এতে গান গাইবেন রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায়, ক্লোজআপ তারকা খ্যাত আশিকুর রহমান মেহরাব এবং আধুনিক গানের শিল্পী অনুপমা মুক্তি। অনুষ্ঠানগুলো প্রযোজনা করেছেন রোমানা শারমীন। ঈদে ব্যান্ডসংগীতের বিশেষ অনুষ্ঠান ‘রক অ্যান্ড পপ’-এ গান পরিবেশন করবে সোলস, এফ মাইনর ও মেট্রিক্যাল-এর মতো দেশসেরা ব্যান্ডদলগুলো। অনুষ্ঠানগুলো প্রচারিত হবে ঈদের দিনসহ প্রতিদিন সন্ধ্যা ৬টায়। এ ছাড়া ঈদে দর্শকদের নিখাদ বিনোদন দিতে আরও কিছু বর্ণিল অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র।
×
