ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন। সভায় নৌকার প্রার্থী বাদে অন্যসব প্রার্থীরা উপস্থিত হয়েছেন। তবে নৌকার প্রার্থী না এসে প্রতিনিধি পাঠানোয় উষ্মা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি প্রার্থীদের সাবধান করে বলেন, উপনির্বাচনে কোনো ধরনের কারচুপি, জবরদখলের চেষ্টা করলে প্রয়োজনে সম্পূর্ণ ভোট বন্ধ করে দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলনকক্ষে উপনির্বাচনের আট প্রার্থীকে নিয়ে আচরণবিধি প্রতিপালনবিষয়ক সভা ডাকা হয়। এতে মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন না।
এদিকে যথাসময়ে বৈঠক শুরু হলেও প্রায় আধ ঘণ্টা পর নৌকার প্রার্থীর প্রতিনিধি হিসেবে মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার সভায় হাজির হন। এ সময় সিইসি সবার উপস্থিতিতে প্রতিনিধির কাছে পরিচয় জানতে চান। তখন তিনি জানান, মোহাম্মদ আলী আরাফাতের প্রতিনিধি হিসেবে তিনি এসেছেন।
এ সময় কিছুটা উষ্মা প্রকাশ করে সামনের মাইক বন্ধ করে সিইসি বলেন, উনি কেন আসেননি? প্রতিনিধি কেন এলেন? আর মিটিং শুরুর আধঘণ্টা পর কেন এসেছেন? জবাবে আরাফাতের প্রতিনিধি উইলিয়াম প্রলয় সমাদ্দার বৈঠকে জানান, প্রার্থী অসুস্থ থাকায় আসতে পারেননি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচনে আচরণবিধি প্রতিপালনের বিষয়টি জানাতে আপনাদের ডেকেছি। আমরা কোনোভাবেই চাই না আচরণবিধি ভঙ্গ হোক। আমরা আচরণবিধি কঠোরভাবে প্রয়োগের চেষ্টা করব। অতীতেও আমরা এ চেষ্টা করেছি। ক্ষেত্র বিশেষে আমরা প্রার্থিতাও বাতিল করেছি। ওই রকম কোনো ঘটনা আশা করি ঘটবে না।
