ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে আট বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম ইলেক্টোরাল কোর্ট। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। ব্রাজিলের নির্বাচনে ব্যবহৃত ইলেকট্রনিক ব্যালট হ্যাক করে কারচুপির সুযোগ আছে এমন মিথ্যা দাবির মাধ্যমে বলসোনারো দেশটির গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এই রায়ের বিরুদ্ধে বলসোনারোর আইনজীবীরা আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে। তাদের যুক্তি, তৎকালীন প্রেসিডেন্টের বক্তব্য নির্বাচনী ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের সময় গত বছরের ২ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। যদি রায় বহাল থাকে বলসোনারো ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে ২০৩০ সালের নির্বাচনে তার অংশ নিতে বাধা নেই। এ ছাড়া ২০২৪ ও ২০২৮ সালের স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারবেন না তিনি। বিচারপতিদের ৫-২ সংখ্যাগরিষ্ঠতায় এই রায় দেওয়া হয়। এই রায়কে ‘পিঠে ছুরির মারার’ সঙ্গে তুলনা করেছেন বলসোনারো। ব্রাজিলে ডানপন্থার রাজনীতিকে এগিয়ে নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
×
