আফগান সিরিজেও থাকবে পরীক্ষা

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৬:০৭ পিএম

এশিয়া কাপের আগ পর্যন্ত সব সিরিজেই ক্রিকেটারদের দেখে নেয়ার ইচ্ছে ছিল টিম ম্যানেজমেন্টের। সেই চেষ্টায় এখনও সচেষ্ট বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে সামনের ওয়ানডে সিরিজেও সেই ইঙ্গিত দিয়ে রাখলেন চান্দিকা হাথুরুসিংহে।

এই সিরিজের দলে দেখে নেয়ার মতো ক্রিকেটারদের মধ্যে আছেন ওপেনার নাঈম শেখ, সাত নম্বরের জন্য দলে সুযোগ পাওয়া আফিফ হোসেন। অবশ্য হাথুরুসিংহে সরাসরি বলেছেন আফিফকে তিনি মিডলঅর্ডারে খেলাবেন। মূল একাদশের ক্রিকেটারদের বাইরে এদেরও সুযোগ দিতে চান হাথুরু।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তামিম ইকবালের অনুপস্থিতি সাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। নতুন ওপেনিং জুটি দেখে নেয়ার সুযোগ পেয়েছেন হাথুরু। আর মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের জুটি হতাশ করেনি তাকে।

ব্যাপারটি মাথায় রেখে আসন্ন ওয়ানডে সিরিজেও কিছু ক্রিকেটারদের দেখতে চান কোচ, ‘এ গত ম্যাচে এ জন্যই আমরা একটা সুযোগ নিয়েছিলাম। আমরা কিছু ক্রিকেটারকে ম্যাচ টাইম দেয়ার চেষ্টা করছি। যেন ওরা বুঝতে পারে আমরা কি চাচ্ছি, বা ওরা নিজেদের সামর্থ্যটা প্রমাণ করতে পারে। এতে করে এশিয়া কাপ বা বিশ্বকাপে কোন রকম জরুরী অবস্থা আসলে যেন আমরা ক্রিকেটার সংকটে না ভুগি। তাই এটা মাথায় রেখেই আমরা ক্রিকেটারদের সুযোগ দিতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত