জাজিরায় হেফাজতে নির্যাতন

অতিরিক্ত পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:৫৭ এএম

শরীয়তপুরের জাজিরায় একটি ছিনতাই মামলার জামিনে থাকা আসামিকে নির্যাতন ও ৭২ লাখ টাকার চেক হাতিয়ে নেওয়ার অভিযোগে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন জ্যেষ্ঠ সচিব মোস্তাফিজুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাসেল মনির, অতিরিক্ত পুলিশ সুপার, নড়িয়া সার্কেল, শরীয়তপুর-এর বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। যার ফলে সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯ (১) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী অভিযুক্তকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন বিবেচিত হওয়ায় তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি বাংলাদেশ সার্ভিস রুল (বি.এস.আর) পার্ট-১, বিধি-৭১ মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন এবং জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এর আগে উচ্চ আদালত থেকে জামিন পাওয়া কয়েকজন আসামি ও তাদের স্বজনদের ওপর নির্যাতন চালিয়ে ৭২ লাখ টাকার চেক হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। বিসিএস পুলিশ ক্যাডারের ৩৪ ব্যাচের কর্মকর্তা রাসেল মনির ২০২২ সালের নভেম্বরে শরীয়তপুর জেলা পুলিশে যোগ দেন। গত ২ জুন এ ঘটনার বিচার চেয়ে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শরীয়তপুরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ী। অভিযোগ তদন্তের জন্য পুলিশ সুপার একটি কমিটি গঠন করেন। পরে তদন্ত কমিটি টাকার পাঁচটি চেক উদ্ধার করে। এ ঘটনায় এর আগেই পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত