ঝালকাঠিতে তেলবাহী সাগর নন্দিনী-২ ট্যাংকারে গতকাল সোমবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো বিস্ফোরণ হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ১০ জন আহত হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি। গত শনিবার জাহাজটিতে প্রথম দফার বিস্ফোরণে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (নৌ-সংরক্ষণ ও পরিচালন) মো. সেলিম গতকালের বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাজটি থেকে সন্ধ্যার আগপর্যন্ত ৭ লাখ লিটার ডিজেল বের করা হয়। এরপর মজুদ ছিল ৪ লাখ লিটার পেট্রোল। এ অবস্থায় এটি বিস্ফোরিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের উদ্ধার করে ঝালকাঠি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার বিস্ফোরণের পর জাহাজটিতে উদ্ধার অভিযান চলছিল। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় ফের বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক বলেন, জেলা পুলিশের ছয়জন ও নৌ-পুলিশের তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনকে ঝালকাঠি জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পুলিশ হাসপাতালে এবং গুরুতর দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার : সাগর নন্দিনী-২ জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকা-ের ঘটনায় গতকাল আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হলো।
দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে রবিবার থেকে বিআইডব্লিউটিএ উদ্ধার কার্যক্রম শুরু করে। এরপর সন্ধ্যায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীক ঝালকাঠি এসে পৌঁছায়। গতকাল সকালে বিস্ফোরণে নদীতে ডুবে যাওয়া জাহাজের পেছনের অংশ উদ্ধারের কাজ শুরু করে তারা।
গতকাল বেলা ১১টার দিকে প্রথমে জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেলাল, দুপুর সাড়ে ১২টার দিকে মাস্টার রুহুল আমিনের মৃতদেহ এবং বিকেলে সরোয়ার হোসেন আকরামের লাশ উদ্ধার করা হয়। এর আগে রবিবার বেলা ২টার দিকে জাহাজের পেছনের ইঞ্জিন রুমের ভেতর থেকে গ্রিজার আব্দুস ছালাম হৃদয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ নির্ভীকের কমান্ডার মো. সেলিম বলেন, ‘গতকাল তিনজনের এবং গত রবিবার একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। রবিবার আমাদের ডুবুরিদল ডুবন্ত অংশের ভেতরে প্রবেশ করতে না পারায় উদ্ধারকারী জাহাজ নির্ভীক ঝালকাঠিতে আনা হয়। আমাদের এ উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে, যতক্ষণ পর্যন্ত ডুবন্ত অংশটি উপরে ওঠাতে না পারি।’
গত শনিবার দুপুরে সাগর নন্দিনি-২ তেলবাহী জাহাজে বিস্ফোরণে মাস্টার ব্রিজ, স্টাফ কেবিনসহ পেছনের ইঞ্জিন রুমের উপরিভাগ নদীতে ডুবে যায়। সুগন্ধা নদীতে এ ঘটনায় চারজন আহত ও চারজন নিখোঁজ হয়।
